জানুয়ারি-মার্চ

জিসিসি অঞ্চলে প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গালফ কো-অপারেশন কাউন্সিল-ভুক্ত (জিসিসি) দেশগুলোর প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গালফ কো-অপারেশন কাউন্সিল-ভুক্ত (জিসিসি) দেশগুলোর প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। পরিসংখ্যান সংস্থা জিসিসি-স্ট্যাট জানিয়েছে, এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল জ্বালানি তেলবহির্ভূত খাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ, যা অঞ্চলটির জিডিপির সিংহভাগ দখল করে আছে। খবর আরব নিউজ।

মার্চে শেষ হওয়া প্রান্তিকে জিসিসি-ভুক্ত ছয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, কুয়েত ও বাহরাইনের জিডিপির আকার ছিল ৫৮ হাজার ৮১০ কোটি ডলার। গত বছরের একই সময়ে তা ছিল ৫৭ হাজার ৯০ কোটি ডলারের বেশি।

জিসিসি-স্ট্যাটের তথ্যমতে, প্রথম প্রান্তিকে এসব দেশের জিডিপির ৭৩ দশমিক ২ শতাংশের উৎস ছিল জ্বালানি তেলবহির্ভূত খাত, যা ২০২৪ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ৭০ দশমিক ৬ শতাংশের তুলনায় ২ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট বেশি। এ অগ্রগতি প্রমাণ করে, বাজারের অনিশ্চয়তার মাঝে জিসিসি-ভুক্ত দেশগুলো জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী খাতে সম্প্রসারণের চেষ্টা করছে।

বর্তমান মূল্যে জিসিসি অঞ্চলের জিডিপি এ বছরের প্রথম প্রান্তিকে দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ স্থিতিশীল রয়েছে এবং জ্বালানি তেলবহির্ভূত খাতের বাণিজ্য, আর্থিক সেবা, নির্মাণ ও উৎপাদন শিল্প প্রবৃদ্ধি ধরে রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জুনে প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, জিসিসি অঞ্চলে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশ এবং আগামী বছরে তা ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে।

এতে এ অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতি সৌদি আরব নেতৃত্ব দেবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সাম্প্রতিক প্রাক-বাজেট প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৪ শতাংশ এবং ২০২৬ সালে তা বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে। এ প্রবৃদ্ধির পেছনে রয়েছে জ্বালানি তেলবহির্ভূত খাতে ৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, যা ঘরোয়া চাহিদা, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ বাড়ার ফলে সম্ভব হচ্ছে।

অন্যদিকে ইউএইর অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে দেশটির পরিসংখ্যান সংস্থা প্রাথমিক তথ্যে উল্লেখ করেছে। ইউএইর জিডিপিতে সবচেয়ে বড় অবদান রেখেছে বাণিজ্য খাত—১৫ দশমিক ৬ শতাংশ।

আরও