প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্টে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোয় দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসান শিপলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ও অলাভজনক কলকারখানা চালুর বিষয়ে বৈঠক করেছেন। ওইসব কলকারখানায় দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার। সভায় এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।’

সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলোকে লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেয়া হচ্ছে।

এতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মে বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ওইদিন সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সে সময় গভর্নর আশা প্রকাশ করেন, এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান হবে।

আরও