২০২৬ সাল

জ্বালানি তেলের চাহিদা দৈনিক ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়ার পূর্বাভাস ওপেকের

অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগামী বছর দৈনিক গড়ে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে।

অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগামী বছর দৈনিক গড়ে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। ২০২৬ সালের জন্য সর্বপ্রথম প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। খবর রয়টার্স।

সংস্থাটি জানায়, পরবর্তী দুই দশক ধরে জ্বালানি তেলের ব্যবহার বাড়তে পারে। আর ২০২৬ সালে চাহিদা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হতে পারে পরিবহন খাত। বিশেষ করে আকাশপথে পণ্যটির চাহিদা ঊর্ধ্বমুখিতা বজায় রাখতে পারে।

তবে ওপেকের দেয়া এমন পূর্বাভাস ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) দেয়া প্রাক্কলনের তুলনায় বিপরীত। আইইএ জানায়, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দিকে ধাবিত হচ্ছে বিশ্বের অনেক দেশ। তাই অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা শুধু এ দশকেই বাড়তে পারে। পরের দশকগুলোয় তা ক্রমে নিম্নমুখী হতে থাকবে।

সম্প্রতি প্রকাশিত মাসভিত্তিক এক প্রতিবেদনে আইইএ জানায়, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা দেশটির জ্বালানি তেলের সরবরাহ চেইনে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটাতে পারে। এতে প্রভাবিত হতে পারে পণ্যটির বৈশ্বিক বাজার।

যদিও সংস্থাটি জানিয়েছে, চলতি বছরও বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকতে পারে। কারণ ওপেক প্লাস-বহির্ভূত দেশগুলো থেকে উত্তোলন বাড়ছে।

আইইএর প্রতিবেদন অনুযায়ী, ‘নিষেধাজ্ঞার পূর্ণ প্রভাব স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা আগের দেয়া পূর্বাভাস অপরিবর্তিত রাখব। তবে নতুন পদক্ষেপগুলো অপরিশোধিত জ্বালানি তেল ও জ্বালানি তেলজাত পণ্যের ভারসাম্যে সংকট তৈরি করতে পারে।’

বিশ্লেষকরা আশা করছেন, আগামী সপ্তাহগুলোয়ে জ্বালানি তেলের চাহিদা দৈনিক গড়ে ১৪ লাখ ব্যারেল বাড়তে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে ভারতের উৎসব অনুষ্ঠান ও জানুয়ারির শেষে চীনের লুনার নিউ ইয়ার উদযাপন উপলক্ষে পরিবহন খাতে চাহিদা বৃদ্ধি।

এর আগে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ২০২৬ সালের মধ্যে অতিরিক্ত ১০ লাখ ১০ হাজার ব্যারেল সরবরাহের পূর্বাভাস দিয়েছে সৌদি আরবভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান কেএপিএসএআরসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস উৎপাদন কমানোর প্রক্রিয়া ক্রমান্বয়ে শিথিল করার পরিপ্রেক্ষিতে সরবরাহ উদ্বৃত্ত তৈরি হবে। 

সর্বশেষ প্রান্তিক পূর্বাভাসে কেএপিএসএআরসি জানিয়েছে, ২০২৫ সালে জ্বালানি তেলের বাজারে দৈনিক ২ লাখ ৬০ হাজার ব্যারেল অতিরিক্ত সরবরাহ দেখা যাবে।

আরও