২০৪০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর বিক্রির বড় লক্ষ্যমাত্রা জাপানের

জাপানে উৎপাদিত সেমিকন্ডাক্টরের বিক্রয় লক্ষ্যমাত্রা ২০৪০ সালের মধ্যে ৪০ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ২৫৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে দেশটির সরকার।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ‘কাউন্সিল ফর জাপানস গ্রোথ স্ট্র্যাটেজি’ সম্প্রতি এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর নিক্কেই এশিয়া।

উল্লেখ্য, ২০২০ সালে জাপানে উৎপাদিত সেমিকন্ডাক্টরের মোট বিক্রয় ছিল ৫ ট্রিলিয়ন ইয়েন। ২০৩০ সালের মধ্যে ১৫ ট্রিলিয়ন ইয়েনের বেশি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

এআই প্রযুক্তির প্রসারের ফলে উচ্চগতিতে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং করতে সক্ষম সেমিকন্ডাক্টরের চাহিদা দ্রুত বাড়ছে। জাপান সরকার মূলত ‘ফিজিক্যাল এআই’ বা রোবট ও অন্যান্য যন্ত্রপাতি নিয়ন্ত্রণকারী সেমিকন্ডাক্টরের ওপর গুরুত্ব দিচ্ছে। ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের সমতুল্য বিশ্বের ৩০ শতাংশের বেশি বাজারের শেয়ার দখল করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। এ কৌশলের আওতায় উন্নত সেমিকন্ডাক্টর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) হাব তৈরির পরিকল্পনাও রয়েছে।

একই সঙ্গে স্বয়ংক্রিয় যানে ব্যবহারের জন্য সাশ্রয়ী মূল্যে পরবর্তী প্রজন্মের সেমিকন্ডাক্টর সরবরাহ নিশ্চিত করতে চায় দেশটি। সরকার দেশী ও বিদেশী বিনিয়োগ বাড়াতে শিল্প খাতে কিছু সুবিধা দেয়ার পরিকল্পনা করছে। এজন্য সরকার কয়েকটি পদক্ষেপের কথা বলেছে। এর মধ্যে আছে শিল্প-কারখানার জন্য জমি অধিগ্রহণ করা, যেন বিনিয়োগকারীরা সহজে কারখানা স্থাপন করতে পারে। শিল্প পরিচালনা সহজ করতে বিদ্যুৎ ও পানির মতো প্রয়োজনীয় অবকাঠামো উন্নত করা। নিয়মকানুনে (রেগুলেটরি) সংস্কার করা এবং কিছু ক্ষেত্রে ভর্তুকি দেয়ার পরিকল্পনাও রয়েছে।

এসব পরিকল্পনার অংশ হিসেবে শিল্প খাতের প্রতিযোগিতা বাড়াতে একটি আইন সংশোধনের প্রস্তাব এরই মধ্যে দেশটির পার্লামেন্টে দেয়া হয়েছে।

আরও