পরিকল্পনার তুলনায় জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ানোর প্রস্তাব করতে পারে ওপেক প্লাস

ওপেক প্লাস জুলাইয়ে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেলের চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর প্রস্তাব করতে পারে।

ওপেক প্লাস জুলাইয়ে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেলের চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর প্রস্তাব করতে পারে। সংগঠনটির সর্বশেষ বৈঠকে তা নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। খবর রয়টার্স।

আলোচনার সঙ্গে যুক্ত দুজন সূত্র ও দুই প্রতিনিধি জানিয়েছেন, সংগঠনভুক্ত দেশগুলো জ্বালানি তেল উত্তোলন আরো বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারেন।

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ও রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। এরই মধ্যে এ দেশগুলো আগে নির্ধারিত পরিকল্পনার তুলনায় দ্রুতগতিতে উত্তোলন বাড়াচ্ছে। অতিরিক্ত এ সরবরাহের কারণে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম।

এর আগে কাজাখস্তান গত বৃহস্পতিবার জ্বালানি তেল উত্তোলন না কমানোর ঘোষণা দিয়েছে। এ ঘোষণার কারণে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর মধ্যে বিতর্ক শুরু হয়েছে বলে শুক্রবার কয়েকটি সূত্র জানিয়েছে। দেশটি কয়েক মাস ধরেই ওপেক প্লাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় দৈনিক কয়েক লাখ ব্যারেল বেশি উত্তোলন করছে, যা অন্য সদস্যের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। বিষয়টি এপ্রিলে উত্তোলন বৃদ্ধির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুয়ি গত মঙ্গলবার জুলাইয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘‌বাজার ভারসাম্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ওপেক প্লাস। এছাড়া চাহিদা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

আরও