ভারতে ২০২৪ সালে চা উৎপাদন আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। মোট উৎপাদন নেমে এসেছে ১২৮ কোটি ৪৭ লাখ ৮০ হাজার কেজিতে। ভারতের রাষ্ট্রায়ত্ত চা বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য আসাম। রাজ্যটির দেশের মোট উৎপাদনের অর্ধেকের বেশি হিস্যা রয়েছে। চা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, ভারতের উত্তর-পূর্ব এ রাজ্যে তীব্র গরম ও বন্যার কারণে উৎপাদন হ্রাস পেয়ে মোট চা উৎপাদনে প্রভাব ফেলেছে। এ অঞ্চলে ২০২৪ সালে মোট ৬৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, আগের বছর যা ছিল ৬৮ কোটি ৮৩ লাখ ৩০ হাজার কেজি।
উৎপাদন ঘাটতির কারণে গত বছর চায়ের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময় পণ্যটির গড় মূল্য ছিল কেজিতে ১৯৮ দশমিক ৭৬ রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। প্রধানত মিসর ও যুক্তরাজ্যে সিটিসি (ক্রাশ-টিয়ার-কার্ল) গ্রেড চা রফতানি করে দেশটি। অন্যদিকে অর্থোডক্স চা ইরাক, ইরান ও রাশিয়ায় রফতানি করে।