মার্কিন ট্রেজারি বন্ডে অক্টোবরে চীনের বিনিয়োগ কমে ১৭ বছরের সর্বনিম্নে নেমেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যের ভিত্তিতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, সেপ্টেম্বরে মার্কিন ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগের পরিমাণ ছিল ৭০ হাজার ৫০ কোটি ডলার, যা অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৮৭০ কোটি ডলারে।
চীনা আর্থিক তথ্য প্রতিষ্ঠান উইন্ডের তথ্যানুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগ ৬৮ হাজার ৮৭০ কোটি ডলারে নেমেছে, যা ২০০৮ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। একই সঙ্গে এটি ২০১৩ সালের নভেম্বরে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি ডলারের সর্বোচ্চ পরিমাণ থেকে ৪৭ শতাংশের বেশি কম।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে চীনের বিনিয়োগ হ্রাসের ধারা শুরু হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময়। চলতি বছরের মার্চে চীন বিদেশী বিনিয়োগকারীদের তালিকায় তৃতীয় স্থানে নেমে আসে। জাপান ও যুক্তরাজ্য তখন শীর্ষ দুই অবস্থানে ছিল।
চলতি বছরও এ প্রবণতা অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঋণের ভবিষ্যৎ চাপ নিয়ে উদ্বেগ রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) স্বাধীনতা নিয়ে প্রশ্নও এ সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
এর মধ্যেই বেইজিং স্বর্ণ কেনা বাড়িয়েছে। নভেম্বরে টানা ১৩ মাস স্বর্ণের মজুদ বেড়েছে চীনে। সরকারি তথ্যানুযায়ী, ওই মাসে দেশটিতে ৩০ হাজার আউন্স স্বর্ণ যোগ হয়েছে। এতে মোট স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ২০ হাজার আউন্সে। এর বাজারমূল্য প্রায় ৩১ হাজার ৬০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডে অন্যান্য দেশগুলোর মোট বিনিয়োগের পরিমাণ সামান্য কমে ৯ লাখ ২৪ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়ালেও তা টানা আট মাস ধরে ৯ লাখ কোটি ডলারের ওপরে রয়েছে। মার্কিন ট্রেজারি বন্ডের শীর্ষ বিদেশী ধারক জাপানের অক্টোবরে বিনিয়োগ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার কোটি ডলারে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যের হিস্যা বেড়ে পৌঁছেছে ৮৭ হাজার ৭৯০ কোটি ডলারে।