ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশ ও যুক্তরাজ্যে ২০২৫ সালে বাড়তে পারে শস্য উৎপাদন। ইউরোপীয় কৃষিপণ্য বাণিজ্য সংস্থা কো-অর্ডিনেশন কমিটি ফর দ্য ইউরোপিয়ান অ্যাগ্রি ফুড ট্রেড (সিওসিইআরএএল) চলতি বছরের জন্য তৃতীয়বারের মতো দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।
বাণিজ্য সংস্থাটি জানিয়েছে, চলতি বছর এ দেশগুলোয় মোট ৩০ কোটি ৭ লাখ টন শস্য উৎপাদন হতে পারে। এটি মার্চে দেয়া পূর্বাভাসের চেয়ে ৪৬ লাখ টন ও গত বছরের মোট উৎপাদনের তুলনায় ৭ শতাংশ বেশি।
সিওসিইআরএএল জানায়, ২০২৫ সালে যুক্তরাজ্যসহ ইইউভুক্ত দেশগুলোয় গম উৎপাদন (ডুরুম ব্যতীত) হতে পারে ১৪ কোটি ৩১ লাখ টন, যা মার্চে দেয়া পূর্বাভাসের তুলনায় ১৩ কোটি ৭২ লাখ টন বেশি। গত বছর এ দেশগুলোয় মোট গম উৎপাদন হয়েছিল ১২ কোটি ৬৩ লাখ টন। দক্ষিণ-পূর্ব ইউরোপ, স্পেন ও ফ্রান্সে অনুকূল আবহাওয়ায় উৎপাদন বৃদ্ধি মোট প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে।
আরো জানায়, চলতি বছর মোট যব উৎপাদন হতে পারে ৫ কোটি ৯২ লাখ টন। মার্চে ৫ কোটি ৮৮ লাখ টনের পূর্বাভাস দেয়া হয়েছিল। এছাড়া গত বছর মোট গম উৎপাদনের পরিমাণ ছিল ৫ কোটি ৭১ লাখ টন।
বাণিজ্য সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, চলতি বছর ভুট্টা উৎপাদনও বেড়ে ৬ কোটি ৬ লাখ টনে পৌঁছতে পারে, যা গত বছর ছিল ৫ কোটি ৯৭ লাখ টন। তবে এটি মার্চে দেয়া পূর্বাভাস ৬ কোটি ৩৩ লাখ টনের তুলনায় কম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কৃষকদের সূর্যমুখীর চাষে বেশি ঝোঁক থাকায় ভুট্টার আবাদ কমেছে।
যুক্তরাজ্যসহ ইইউর ২৭টি দেশে চলতি বছর সরিষা উৎপাদন হতে পারে ২০ কোটি টন, গত বছর যা ছিল ১৭ কোটি ৯ লাখ টন। এ সময় উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে রোমানিয়া ও বুলগেরিয়ার কৃষকদের স্বাভাবিক চাষ পদ্ধতিতে ফেরা এবং ফ্রান্স ও জার্মানিতে ফলন বৃদ্ধি।