বাংলাদেশের ইস্পাত শিল্পের আধুনিক উৎপাদন প্রযুক্তি, পরিবেশবান্ধব শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে ধারণা নিতে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি ড. বারবেল কোফলার। গত সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জার্মান প্রতিনিধি দলকে একেএসএমএলের আধুনিক উৎপাদন প্রযুক্তি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। কারখানায় প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।
জার্মান প্রতিনিধি দলে ড. বারবেল কোফলারের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ উপস্থিত ছিলেন। এ সময় জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
একেএসএমএল আধুনিক ইলেকট্রিক আর্ক ফার্নেস, উন্নত প্রকৌশল ও উচ্চ গতির রিবার রোলিং প্রযুক্তি ব্যবহার করে ইস্পাত উৎপাদন করে। প্রতিষ্ঠানটির উচ্চ উৎপাদন সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের ইস্পাত শিল্পের প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখছে। উৎপাদন সক্ষমতাসংক্রান্ত একটি রেকর্ডের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি প্রতিষ্ঠানটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।