জানুয়ারি-ফেব্রুয়ারি

কয়লা আমদানিতে চীনের রেকর্ড

চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

চীনের কয়লা আমদানি চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ দশমিক ১ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে। খবর মাইনিং উইকলি।

শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চীনের কয়লা আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৬১ লাখ ২০ হাজার টন। গত বছরের একই সময় দেশটি ৭ কোটি ৪৫ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করেছিল।

বছরের প্রথম দিকে চীনের কয়লা আমদানি বাড়লেও সামনের দিনগুলোয় তা উল্লেখযোগ্য হারে কমতে পারে। সাংহাইভিত্তিক গ্যালাক্সি ফিউচার্সের এক বিশ্লেষক রয়টার্সকে বলেন, ‘‌জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে কয়লার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় আমদানি মুনাফা কমেছে। বন্দরে জ্বালানি পণ্যটির মজুদও বেশি। এ কারণে ধারণা করা হচ্ছে, মার্চ ও এপ্রিলে কয়লা আমদানির বার্ষিক বৃদ্ধির হার আরো কমে যাবে।’

চীনের কয়লা আমদানি ক্রমে চাপের মুখে পড়ছে। গত সপ্তাহে দুটি প্রধান শিল্প সংস্থা নিম্নমানের কয়লা আমদানির ওপর সীমাবদ্ধতা আরোপের আহ্বান জানিয়েছে। এছাড়া স্বাভাবিক গড়ের তুলনায় বেশি তাপমাত্রা থাকায় চাহিদা কমেছে, যা প্রভাব পড়েছে অভ্যন্তরীণ দামে। এদিকে প্রধান কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠান শেনহুয়া এনার্জি বন্দরের মজুদ বাড়তে থাকায় স্পট আমদানি স্থগিত করেছে।

এছাড়া প্রধান সরবরাহকারী ইন্দোনেশিয়া ১ মার্চ থেকে তার নিজস্ব সরকার নির্ধারিত মূল্যসূচক ব্যবহার করার পরিকল্পনা করেছে। এটিও চীনের আমদানিতে আরো অনিশ্চয়তা তৈরি করতে পারে।

গুওশেং সিকিউরিটিজের বিশ্লেষকরা জানিয়েছেন, এ নতুন মূল্যসূচক বর্তমান আইসিআই সূচকের তুলনায় প্রতি টনের দামের পার্থক্য ১ ডলার ৫০ সেন্ট থেকে ১৪ ডলার পর্যন্ত হতে পারে, যা চীনের আমদানি খরচ বাড়িয়ে দেবে।

চায়না কোল ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে রেকর্ড আমদানির পর ২০২৫ সালে তা ১ দশমিক ৯ শতাংশ কমে ৫২ কোটি ৫০ লাখ টনে নেমে যেতে পারে। গুওশেং সিকিউরিটিজের বিশ্লেষকরা আরো বলেন, ‘‌এ সময় তাপীয় কয়লার আমদানি ৪ দশমিক ৯ শতাংশ কমে ৩৮ কোটি ৫০ লাখ টনে নেমে আসতে পারে।’

এদিকে গত বছর চীনে অভ্যন্তরীণভাবে কয়লা ব্যবহার ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে দেশটির পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।

আরও