হিসাব বছরের প্রথমার্ধ

৩০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে মেঘনা পেট্রোলিয়াম

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৩০১ কোটি ৫ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি ১১ লাখ টাকা।

জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৩০১ কোটি ৫ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮৯ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় বেড়েছে ২২ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটির চলতি হিসাব বছরে দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যানুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১৩৩ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৮ কোটি ৮৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ টাকা ৪৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সায়।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৩ কোটি ৩২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৮ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৬ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩৪ টাকা ১২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল মেঘনা পেট্রোলিয়াম। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।

এর আগে ২০১৮-১৯ থেকে ২০২১-২২ পর্যন্ত প্রতি হিসাব বছরে ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০১৭-১৮ হিসাব বছরে ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৬-১৭ হিসাব বছরে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৪১৩ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮। এর মধ্যে ৫৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এছাড়া ৩৩ দশমিক ৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল মেঘনা পেট্রোলিয়াম শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২০৬ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৩৯ টাকা ৯০ থেকে ২৩৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও