আগামী বছরের মধ্যে ডেলিভারি নেটওয়ার্কের আকার তিন গুণ সম্প্রসারণে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। উদ্যোগটির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের গ্রামীণ এলাকাগুলোয় ডেলিভারি পরিষেবা বাড়ানো। চলতি বছরের শেষ নাগাদ দেশটির চার হাজারের বেশি ছোট শহর ও গ্রামের কোটি গ্রাহক পণ্য অর্ডার করার দিনেই অথবা পরের দিনে ডেলিভারি সুবিধা পাবেন। শিপিং গতি বাড়ানো ও ওয়ালমার্টের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এটি অ্যামাজনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে একটি। রিটেইল জায়ান্টটি বলেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) যুক্তরাষ্ট্রে অর্ডার করার দিনে বা পরের দিনে পণ্যে ডেলিভারি ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। এখন এ পরিষেবায় তারা গ্রামীণ গ্রাহকের প্রতি মনোযোগ দিচ্ছে। অ্যামাজন স্টোরসের বৈশ্বিক সিইও ডাগ হ্যারিংটন বলেন, ‘সবাই দ্রুত ডেলিভারি পছন্দ করে। সুতরাং আপনি মোনমাউথ, আইওয়ার মতো ছোট শহরে থাকুন কিংবা লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রে—সব জায়গায় আপনি অ্যামাজনের একই দারুণ গ্রাহক অভিজ্ঞতা পাবেন। দৈনন্দিন প্রয়োজনীয় নানা সামগ্রী আপনি পাবেন অর্ডার করার দিনে বা পরের দিনেই।’ গ্রাহকদের কাছাকাছি থাকা ডেলিভারি স্টেশন নিয়ে অ্যামাজনের নেটওয়ার্ক গঠিত। এসব স্টেশনে প্যাকেজ ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। নতুন বিনিয়োগের ফলে প্রতিটি ডেলিভারি স্টেশনে গড়ে ১৭০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া এটি নতুন ডেলিভারি পার্টনারদের জন্য সুযোগ সৃষ্টি করবে। অ্যামাজন এরই মধ্যে এক হাজারের বেশি ছোট শহর ও গ্রামীণ এলাকায় গ্রাহকদের জন্য অর্ডার করার দিনে ও পরবর্তী দিনে ডেলিভারি পরিষেবা চালু করেছে। এ সম্প্রসারণ কার্যক্রম সম্পূর্ণ হলে অ্যামাজনের সক্ষমতা বছরে আরো ১০০ কোটি অতিরিক্ত প্যাকেজ ডেলিভারির দিকে যাবে, যা ১৩ হাজারের বেশি জিপ কোডের আওতাভুক্ত ১২ লাখ বর্গমাইলের গ্রাহককে অন্তর্ভুক্ত করবে। ডেলিভারি সক্ষমতা বৃদ্ধির চেষ্টা শুধু নেটওয়ার্কেই সীমিত নেই। অ্যামাজন ও ওয়ালমার্টের মতো কোম্পানি এখন ড্রোন প্রযুক্তির দিকেও গুরুত্ব দিচ্ছে। খবর ফক্স বিজনেস