চট্টগ্রাম বন্দর

নতুন মাশুল কার্যকরের সময় এক মাস পেছাল

চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের সময় এক মাস পিছিয়ে দেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকরের সময় এক মাস পিছিয়ে দেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বন্দর মিলনায়তনে গতকাল এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় নৌ উপদেষ্টা বলেন, ‘ট্যারিফ আরো এক মাস রিলিফ দেয়া হচ্ছে। চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। তার পরামর্শেই আমরা কার্যকর করার সময় এক মাস পিছিয়ে দিলাম।’

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে বলা হয়, পরদিন থেকেই এটি কার্যকর হবে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী আগের তুলনায় গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কনটেইনার পরিবহনের মাশুল। তবে পিছিয়ে দেয়ার বিষয়ে এখনো নতুন কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আয়োজনে বন্দর মিলনায়তনে ‘কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা: সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির পথ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, সরকার ‘ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের কাজ করছে, যা চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হবে।

কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ইউসুফ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মোনিরুজ্জামান ও চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার নুসরাত সুলতানা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।

আরও