চীনের আবাসন খাতের কোম্পানি এভারগ্র্যান্ডে হংকং স্টক এক্সচেঞ্জ থেকে তালিকামুক্ত (ডিলিস্টেড) হতে যাচ্ছে, যা ২৫ আগস্ট থেকে কার্যকর হবে। এ পদক্ষেপ চীনের আবাসন খাতের জন্য গভীর সংকটের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর ইউরো নিউজ।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এভারগ্র্যান্ডে একসময় চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানি ছিল। প্রচুর ঋণ নিয়ে কোম্পানিটি দ্রুত নিজেদের ব্যবসা বাড়িয়েছিল। পরে তারা আবাসন খাতের বাইরেও সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুচ্চালিত গাড়ি, থিম পার্ক, বোতলজাত পানিসহ বিভিন্ন খাতে ব্যবসা বিস্তৃত করে।
তবে ২০২০ সালে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো আবাসন খাতে অতিরিক্ত ঋণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে বিপাকে পড়ে এভারগ্র্যান্ডে। কোম্পানিটি ঋণ পরিশোধে ব্যর্থ হয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে একটি আদালত কোম্পানিটি অবসায়নের মাধ্যমে সব সম্পদ বিক্রির আদেশ দেন। এভারগ্র্যান্ডের কাছে ওই সময় ব্যাংক ও বন্ডহোল্ডারদের মোট পাওনা ছিল ৩০ হাজার কোটি ডলারেরও বেশি।
হংকং স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, টানা ১৮ মাস শেয়ার লেনদেন বন্ধ থাকলে কোনো কোম্পানি তালিকামুক্ত হতে পারে। এভারগ্র্যান্ডের শেয়ার লেনদেন গত বছরের ২৯ জানুয়ারি থেকে স্থগিত রয়েছে। তাই স্টক এক্সচেঞ্জ ৮ আগস্ট কোম্পানিটিকে অতালিকাভুক্ত করার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করে।
এভারগ্র্যান্ডে জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পর্যালোচনা চাইবে না। তালিকামুক্ত হওয়ার পর শেয়ার সার্টিফিকেট বৈধ থাকলেও সেগুলো আর স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যাবে না।
একসময় চীনের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ছিল আবাসন খাত। পরে এ খাতের দীর্ঘস্থায়ী মন্দা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শ্লথ করে দিয়েছে।
সরকারের সহায়ক পদক্ষেপ থাকা সত্ত্বেও দেশটিতে আবাসনের দাম ক্রমান্বয়ে কমছে, যা চীনের আর্থিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।