সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের ২০২৪-২৫ প্রথম ১১ মাসে (জুলাই-মে) শুকনা মরিচ আমদানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ হাজার ৯৭৯ টন। এর প্রভাবে সাতক্ষীরার মসলা বাজারগুলোয় কমেছে পণ্যটির দাম। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
সুলতানপুর বড় বাজারের মসলাজাত পণ্য বিক্রয় আড়ত মেসার্স মামা-ভাগ্না এন্টারপ্রাইজে গতকাল শুকনা মরিচ বিক্রি হয় প্রতি কেজি ২৯০ টাকা দরে, এক থেকে দেড় মাস আগেও এ প্রতিষ্ঠানে পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৩৩০-৩৪০ টাকা। এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জহুরুল হক জানান, বাজারে দেশী শুকনা মরিচের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি ভোমরা বন্দর দিয়ে আমদানি বাড়ায় সম্প্রতি পণ্যটির দাম কমেছে।
এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ভোমরা স্থল বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ৫৪ হাজার ৪১৯ টন। যার মূল্য ছিল ১ হাজার ৪৭০ কোটি ৭৫ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ১ হাজার ২৯৭ কোটি ৮২ লাখ টাকা মূল্যের ৫১ হাজার ৪৪০ টন শুকনা মরিচ আমদানি হয়েছিল।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, শুকনা মরিচসহ অন্যান্য মসলার দাম পর্যায়ক্রমে কমে আসছে।