হালাল পণ্যের উৎপাদন ও রফতানি বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এ লক্ষ্যে বিদ্যমান শিল্প ব্যবস্থাকে পুনর্বিন্যাস, হালাল সনদ নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সংগঠনটি। গতকাল রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নালের প্রথম সংখ্যা ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রডাক্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অনুষ্ঠানে বিসিআইয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিপিজিএমইএর সভাপতি সামিম আহমদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বারভিডার সভাপতি আব্দুল হক।