চীন ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত গ্যালভানাইজড ইস্পাত আমদানিতে শুল্ক আরোপ করতে চায় ভিয়েতনাম। অভ্যন্তরীণ উৎপাদন সুরক্ষিত করতে সরকারের কাছে এমন আবেদন করেছে ভিয়েতনাম স্টিল অ্যাসোসিয়েশন। শুক্রবার দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্টিল অ্যাসোসিয়েশনের একটি প্রস্তাবের বরাত দিয়ে সরকারি কর্তৃপক্ষ জানায়, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে গ্যালভানাইজড ইস্পাত আমদানি দ্রুত বেড়েছে। এতে অভ্যন্তরীণ ইস্পাত শিল্পের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
২০২২-২৩ সালের মধ্যে ভিয়েতনামের মোট ইস্পাত আমদানির ৬৪-৬৭ শতাংশের হিস্যা ছিল চীন ও দক্ষিণ কোরিয়ার। স্টিল অ্যাসোসিয়েশন জানায়, আমদানির এ পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু গ্যালভানাইজড ইস্পাত শিল্পই নয় বরং পুরো দেশী ইস্পাত শিল্পও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।
হট-রোল্ড ইস্পাত গ্যালভানাইজড ইস্পাত উৎপাদনের প্রধান কাঁচামাল। এর আগে চীন থেকে আমদানীকৃত এ পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক ১৯ দশমিক ৩৮ থেকে ২৭ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত আরোপের ঘোষণা দিয়েছিল ভিয়েতনাম।