আজ থেকে পর্যায়ক্রমে সারা দেশে সব জেলা-উপজেলায় ডিম ও মুরগির উৎপাদন এবং বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, করপোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ধ্বংসের পথে। ৫০-৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে। এ অবস্থা থেকে রক্ষা পেতে বিপিএ সাত দফা দাবি কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানায়। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় আজ থেকে পর্যায়ক্রমে সারা দেশের সব জেলা-উপজেলার খামারগুলোয় ডিম-মুরগির উৎপাদন ও বিক্রি বন্ধ থাকবে।
বিপিএ সভাপতি জানান, বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সাত দফা দাবি হলো করপোরট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। করপোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।
ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে। উৎপাদন খরচ অনুযায়ী ১০ শতাংশ লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে। নীতিনির্ধারণী পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও করপোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।