দেশের সামগ্রিক অর্থনীতি গত দুই মাস সম্প্রসারণের ধারায় রয়েছে। তবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গতি কিছুটা বেড়েছে। গত মাসে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২ দশমিক ৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১ দশমিক ৮-এ উন্নীত হয়েছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ গতকাল যৌথভাবে পিএমআই মান প্রকাশ করে।
অক্টোবরে পিএমআইয়ের সার্বিক উন্নতির কারণ কৃষি ব্যবসা, নির্মাণ, পণ্য উৎপাদন ও সেবা—এ চার খাতের সম্প্রসারণ দ্রুত হয়েছে। উৎপাদন খাতে ১৩ মাস ধরে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। গত মাসে এর গতি সামান্য বেড়ে ৬৬ দশমিক ১ পয়েন্ট হয়েছে।
নির্মাণ খাত টানা চার মাস ধরে সংকোচনের ধারায় চলে গিয়েছিল। পরের মাসে সেটি আবার সম্প্রসারণের ধারায় ফেরে। গত মাসে সেই গতি বেড়ে হয় ৫৬ দশমিক ৫ পয়েন্ট।
এদিকে কৃষি ব্যবসায় গত সেপ্টেম্বরে সম্প্রসারণের ধারায় ফেরে। গত মাসে সেই সম্প্রসারণের গতি বেশ বেড়েছে। তাতে অক্টোবরে কৃষি ব্যবসার সূচকের মান দাঁড়ায় ৫৯ দশমিক ৬ পয়েন্টে।
সেবা খাত টানা ১৩ মাস ধরে সম্প্রসারণের ধারায় আছে। আগের তুলনায় গতি কমেছে। এ খাতে সেপ্টেম্বরে সূচকের মান ছিল ৫৮ দশমিক ৭ পয়েন্ট। গত মাসে সেটি বেড়ে হয়েছে ৬১ পয়েন্ট।