বিকাশের ৮ লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআরে প্রতিস্থাপন

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে আট লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবস্থায় প্রতিস্থাপিত করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’।

নির্ধারিত সময়ের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরে প্রতিস্থাপনের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিকাশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাড়তি জনবল ও বিনিয়োগের মাধ্যমে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন বিকাশসহ যেকোনো ওয়ালেট ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশলেস লেনদেন করতে পারছেন। বর্তমানে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর মার্চেন্টদের মাধ্যমে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি ডিজিটাল পেমেন্ট হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ছোট মুদি দোকান থেকে শুরু করে ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ, সুপারশপ এবং বিভিন্ন লাইফস্টাইল চেইন স্টোরে বিকাশের বাংলা কিউআর ব্যবহার করা যাচ্ছে। বৃহৎ মার্চেন্ট নেটওয়ার্ক এবং এর রক্ষণাবেক্ষণে ধারাবাহিক বিনিয়োগ দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরো শক্তিশালী করছে বলে জানিয়েছে বিকাশ।

ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত করতে দেশের ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কর্মসূচিও চালু করেছে বিকাশ। এ কর্মসূচির আওতায় গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাওয়ার সুযোগ পাচ্ছেন।

মার্চেন্ট পর্যায়ে ডিজিটাল লেনদেন আরো সহজ করতে দেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ চালু করেছে বিকাশ। প্রতিষ্ঠানটির দাবি, এ প্রযুক্তি পেমেন্ট নিশ্চিতকরণে সময় কমানোর পাশাপাশি লেনদেনকে আরো নিরাপদ করেছে।

বিকাশ জানায়, বছরজুড়ে ছাড়, ক্যাশব্যাক ও বিভিন্ন প্রচারাভিযানের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে। এর ফলে ক্যাশলেস লেনদেনে গ্রাহকের অংশগ্রহণ এবং ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়ছে প্রতিনিয়ত।

আরও