শিল্প খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্পোদ্যোক্তারা। তাদের মতে, গ্যাসের এমন মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও অন্যায্য, এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হবে। এ অবস্থায় অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখে মূল্যহার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানিয়েছেন মেঘনা, সিটি, প্রাণসহ ১২টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার কাছে লেখা চিঠিতে ব্যবসায়ীরা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর শিল্প-কারখানা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। সেই পরিস্থিতি মোটামুটি কাটিয়ে ওঠার মাঝেই পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধির আলোচনা ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী সংগঠনের নেতারা গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে জোরালো ও তথ্যভিত্তিক বক্তব্য দেন। তারা প্রতি ইউনিট গ্যাসের দাম ২৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণের দাবি জানান।
ব্যবসায়ীরা বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পপ্রতিষ্ঠান টিকে থাকা, কর্মসংস্থান ঠিক রাখা প্রভৃতি বিষয় বিবেচনায় না নিয়ে শুধু সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১৩ এপ্রিল গ্যাসের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। এটি একেবারেই অযৌক্তিক ও বর্তমান প্রেক্ষাপটে অন্যায্য।
চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এলএফএমইবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিসিএমইএর সভাপতি মইনুল ইসলাম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান এবং সিটি গ্রুপের এমডি মো. হাসান।