চীনের মে মাসে হংকং হয়ে স্বর্ণ আমদানি এপ্রিলের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকং সেনসাস অ্যান্ড স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্ট। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে হংকং হয়ে চীনের স্বর্ণের নিট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১২৭ টনে। এপ্রিলে যা ছিল ৪৩ দশমিক ৪৬২ টন। এছাড়া মে মাসে চীন হংকং হয়ে মোট স্বর্ণ আমদানি করেছে ৫৭ দশমিক ৭৬ টন। এটি এপ্রিলের ৫৮ দশমিক ৬১ টনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কম।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ চীন। এ হিসেবে দেশটির ক্রয় কার্যক্রম বৈশ্বিক স্বর্ণবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। যদিও হংকংয়ের তথ্য চীনের মোট স্বর্ণ আমদানির পূর্ণাঙ্গ চিত্র বহন করে না। কারণ দেশটি সাংহাই ও বেইজিং দিয়েও স্বর্ণ আমদানি করে।
এদিকে চীনের শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে দেশটি স্বর্ণের মজুদ ৫-১০ শতাংশ পর্যন্ত এবং স্বর্ণ ও রুপার উৎপাদন ৫ শতাংশের বেশি বাড়ানোর লক্ষ্য নিয়েছে।