এখন থেকে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না করলে সর্বোচ্চ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ দিতে হবে। এর আগে ২০২৪ সালের মে মাসে দণ্ড সুদের হার ১ দশমিক ৫০ শতাংশ করার নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নতুন সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণ স্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধু মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ হার প্রযোজ্য হবে।
সার্কুলারে আরো বলা হয়, আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।