সরবরাহ ঘাটতির কারণে সাতক্ষীরায় আদার দাম বেড়েছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ১৫-২০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পাঁচ-ছয় মাস ধরে ভারতীয় আদা আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এজন্য দাম বেড়েছে মসলাপণ্যটির।
এদিকে ভোমরা কাস্টম হাউজের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে এ স্থলবন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৯ হাজার ৭৩৯ টন, যার মূল্য ছিল ১১৮ কোটি ৪৫ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে এখনো আদা আমদানি করা হয়নি। শুধু তা-ই নয়, কোরবানির ঈদের পর থেকে এ স্থলবন্দর দিয়ে কোনো ব্যবসায়ী আদা আমদানি করেননি। তবে গতকাল এক ট্রাক আদা এসেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের খুচরা পর্যায়ে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৩৫-১৪০ টাকায়, যা দুই-তিন সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, ভোমরা স্থলবন্দরে আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এতে পাইকারিতে দাম বেড়ে গেছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। দুই সপ্তাহ আগেও যে আদার পাইকারি দাম ছিল কেজিপ্রতি ১০০ টাকা, তা এখন ১২০ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে খুচরা পর্যায়ে পণ্যটির দাম বেড়েছে।
সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৮০৫ টন আদা উৎপাদন হয়েছে। এ সময় জেলায় সর্বমোট ৬৬ হেক্টর জমিতে ফসলটির আবাদ হয়েছিল।
সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আদার দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে জানান, সরবরাহ বাড়লে পণ্যটির দাম কমে আসবে বলে আশা করা যাচ্ছে।