সুদের হার রেকর্ড পরিমাণ বাড়িয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর রয়টার্স।
ব্যাংক অব ঘানা মূল সুদের হার ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১৭ শতাংশ করেছে। এটি আটা, চিনি থেকে জ্বালানি পর্যন্ত পণ্যের ক্রমবর্ধমান দাম এবং স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানের ইঙ্গিত দেয়। যদিও এ পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সরকারি রেকর্ড অনুসারে, এটি ঘানার ইতিহাসে সবচেয়ে বড় সুদের হার বাড়ানোর ঘটনা। গত সপ্তাহে রয়টার্সের জরিপে ১০ জন অর্থনীতিবিদ ১০০ বেসিস পয়েন্ট বাড়ানোর পূর্বাভাস দিয়েছিল।
আফ্রিকার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে ঘানাকে দীর্ঘদিন ধরে তারকা হিসেবে দেখা হয়েছিল। তবে কভিড-১৯ মহামারীতে জ্বালানি তেলের আয় কমে যাওয়ায় এবং সবররাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রত্যাশাগুলো মলিন হয়ে গেছে। ফেব্রুয়ারিতে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ১৫ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। এ হার ২০১৬ সালের পর সর্বোচ্চ। খাদ্য, পরিবহন ও বাসস্থানের দাম সবচেয়ে বেশি বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় রেস্তোরাঁ ও বেকারিগুলো মেনু কমিয়ে দিয়েছে এবং কর্মী ছাঁটাই করেছে।