পুঁজিবাজারে বড় দরপতন

সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন

দেশের পুঁজিবাজারে গতকাল সব ধরনের সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের পুঁজিবাজারের সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় দেড় শতাংশ পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকেও ছিল নিম্নমুখী প্রবণতা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইএক্স সূচক ৭৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৭২২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪০ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইসলামী ব্যাংক ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার।

বাজার বিশ্লেষকরা বলছেন, গতকাল ডিএসইতে শেয়ার বিক্রয় চাপ বাড়তে থাকায় লেনদেনে বড় ধরনের দরপতন দেখা গেছে। বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়-উপার্জনে বড় ধরনের নিম্নমুখী প্রবণতার আশঙ্কায় শেয়ার বিক্রির দিকে ঝুঁকেছেন। এছাড়া দেশজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের কোনো লক্ষণ দেখা না যাওয়া এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনাও বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

ডিএসইতে গতকাল ৬০২ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭১১ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩৫৫টির ও দর অপরিবর্তিত ছিল ১৮টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১১ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত । সাধারণ বীমা খাত ১১ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল প্রকৌশল খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ।

গতকাল সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। বস্ত্র খাতে ৩ দশমিক ৩ শতাংশ, সেবা খাতে ২ দশমিক ৬ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৫ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ২ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৬ পয়েন্ট কমে ৯ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ১৭৪ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৫৯টির ও দর অপরিবর্তিত ছিল ১১টির। গতকাল সিএসইতে ১৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬ কোটি ৪৬ লাখ টাকা।

আরও