দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র স্থাপন ও সামগ্রিক কৃষি অর্থনীতির সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম বা তহবিল গঠন করেছে। এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পৃথক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর পক্ষে ছিলেন শীর্ষ নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, এ স্কিমের মোট তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদন খাতে বরাদ্দ থাকবে। এর আওতায় শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি যন্ত্রপাতি ও গ্রামীণ ঋণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ৩৫ শতাংশ কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন ও বিপণন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে এবং ১৫ শতাংশ কৃষিপণ্য রফতানি ও রফতানিমুখী কার্যক্রমে সহায়তার জন্য বরাদ্দ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি খাতের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিপণন পর্যন্ত বিভিন্ন ধাপে অর্থায়ন নিশ্চিত করা। একই সঙ্গে কৃষিপণ্যের সাপ্লাই চেইন শক্তিশালী করা এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল এগ্রিকালচার ভ্যালু চেইন গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এ স্কিমের আওতায় অর্থায়নের মাধ্যমে কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার পাশাপাশি কৃষিভিত্তিক কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে সহায়তা মিলবে। একই সঙ্গে রফতানিমুখী কৃষি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।