চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) উত্তর কোরিয়ায় ব্যাপক হারে বেড়েছে বিচ আমব্রেলা ও সুইমিং পুলের সরঞ্জাম আমদানি। এ সময়ে দেশটির উপকূলে নির্মিত নতুন একটি রিসোর্ট ছিল আলোচনায়, যেটি উদ্বোধন করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। চীনা শুল্ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত জানুয়ারি-জুনে চীন থেকে মোট ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার মূল্যের বিচ আমব্রেলা আমদানি করেছে পিয়ংইয়ং। আগের বছরের একই সময়ে আমদানি করা হয়েছিল ৪ হাজার ৩৮০ ডলারের সৈকত ছাতা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৪৭ গুণ। পরিমাণটি ২০১৭-১৯ সাল অর্থাৎ কভিড মহামারীর আগের গড় আমদানির চেয়ে ১১ গুণ। উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশির অংশীদার চীন। এছাড়া এবারই প্রথম চীন থেকে ২১ লাখ ৮০ হাজার ডলারের ওয়াটার পার্ক অ্যামিউজমেন্ট ইকুইপমেন্ট বা পানিভিত্তিক বিনোদন কেন্দ্রের যন্ত্রপাতি ও ওয়াটার স্লাইডের মতো সরঞ্জাম আমদানি করেছে দেশটি। ২০১৫ সাল থেকে পাওয়া তথ্যে এর আগে এমন কোনো আমদানির রেকর্ড ছিল না। হঠাৎ এ চাহিদা বৃদ্ধির সময় উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসানে নির্মিত একটি বৃহৎ সমুদ্রসৈকত রিসোর্টের উদ্বোধনের সঙ্গে মিলে গেছে। জুনের শেষ দিকে এ রিসোর্ট নির্মাণ সম্পন্ন হয়। এতে ২০ হাজার অতিথির থাকার ব্যবস্থা রয়েছে। রিসোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ওই সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হবে পর্যটন।’ উত্তর কোরিয়া এ বিনোদন আয়োজনের মাধ্যমে রাশিয়া ও অন্যান্য দেশের পর্যটকদের আকৃষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দেশটিতে সফরকালে এ রিসোর্ট পরিদর্শন করেন। খবর নিক্কেই এশিয়া