জানুয়ারি-মার্চ

বিশ্বব্যাপী ইভি বিক্রি বেড়েছে ২৯ শতাংশ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রো মোশনের প্রতিবেদন অনুসারে, এ সময়ে বিশ্বব্যাপী ৪১ লাখ ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৯ শতাংশ বেশি। খবর আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি-মার্চে একক বাজার হিসেবে চীনে বিক্রি হয়েছে ২৪ লাখ ইভি, যা বৈশ্বিক মোট বিক্রির ৫৮ দশমিক ৫ শতাংশ। শুধু মার্চেই দেশটিতে বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি। চীনে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ।

ইউরোপজুড়ে ইভি বিক্রি হয়েছে নয় লাখ, যেখানে জার্মানিতে ৩৭ শতাংশ, ইতালিতে ৬৪ ও যুক্তরাজ্যে ৪২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষভাবে মার্চে যুক্তরাজ্যে এক লাখের বেশি ইভি বিক্রি হয়েছে, যা এক মাসে রেকর্ড। তবে ফ্রান্সে ইভির ওপর প্রণোদনা কমে যাওয়ায় বিক্রি ১৮ শতাংশ কমেছে।

প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় পাঁচ লাখ ইউনিট ইভি বিক্রি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি বিক্রি হয়েছে। এদিকে রো মোশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে বিক্রি হওয়া ইভির ৬০ শতাংশ দেশীয়ভাবে উৎপাদিত। বাকি গাড়ির বেশির ভাগ জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো থেকে এসেছে।

চীন-মার্কিন শুল্কযুদ্ধ নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এতে বৈশ্বিক ইভি বিক্রির ওপর কম প্রভাব পড়বে। কারণ দুই দেশের মধ্যে ইভি বাণিজ্য পরিমাণ এখনো ততটা উল্লেখযোগ্য নয়। টেসলার মডেল এস ও এক্স যুক্তরাষ্ট্র থেকে চীনে রফতানি হলেও এর পরিমাণ কম। তবে শুল্ক বাড়ায় এসব মডেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে।

আরও