সিটি ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের যৌথ অংশীদারত্বে মাস্টারকার্ড নেটওয়ার্কের অধীনে ‘সিটি ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড’ শীর্ষক প্রথম ক্রেডিট কার্ড চালু করেছে, যা প্রিমিয়াম ব্যাংকিংয়ে নতুন মাইলফলক। দেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডের উন্মোচন উপলক্ষে আজ সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান বলেন, ‘এ কার্ড বাংলাদেশের উচ্চ-আয়সম্পন্ন গ্রাহকদের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। সিটি ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ড আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের আর্থিক সেবা ও অভিজ্ঞতা প্রদানের উজ্জ্বল প্রমাণ।’
অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল বলেন, ‘বাংলাদেশে এমন একটি শ্রেণির মানুষ তৈরি হচ্ছে যারা বিশ্বমানের সেবা প্রত্যাশা করেন, একইসঙ্গে স্থানীয় প্রেক্ষাপটকেও গুরুত্ব দেন। এটি দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের পরিবর্তিত প্রত্যাশার প্রতিফলন। মাস্টারকার্ডে আমরা শুধু লেনদেনের বাইরে গিয়ে উন্নত অভিজ্ঞতা, সহজ প্রবেশাধিকার, সুবিধা ও জীবনযাত্রা-সংক্রান্ত বৈশিষ্ট্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। সিটি ব্যাংকের সঙ্গে আমাদের এই সহযোগিতা বাংলাদেশে উন্নতমানের ব্যাংকিং সেবার ভবিষ্যৎ গঠনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড এলিট ক্রেডিট কার্ডধারীরা পাবেন ১০ হাজার টাকা মূল্যের স্বাগত উপহার ভাউচার ও সিটি ক্যাপিটাল থেকে বিনিয়োগ-পরামর্শ সেবা। তারা শেরাটন ঢাকা, দ্য ওয়েস্টিন ঢাকা ও লা মেরিডিয়ানসহ দেশের বিভিন্ন পাঁচতারকা হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ বুফে সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি লাউঞ্জকির মাধ্যমে বিদেশী বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ ও সিটি ব্যাংকের সকল লাউঞ্জে সীমাহীন প্রবেশাধিকার পাবেন।
এলিট ক্রেডিট কার্ডধারীরা মাস্টারকার্ডের আন্তর্জাতিক সুবিধাগুলোও উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে গলফ গ্রিন-ফি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক রাতের বিনামূল্যের আবাসন ও বিশেষ খাদ্য অভিজ্ঞতা। সদস্যরা আরো পাবেন তিন মাস মেয়াদী স্যান্ডস লাইফস্টাইল এলিট সদস্যপদ (মেরিনা বে স্যান্ডস), ফ্লেক্সিরোমের মাধ্যমে বৈশ্বিক ডেটা রোমিং সুবিধা, ব্রিলিয়ান্ট বাই ল্যাঙ্গহাম রুবি সদস্যপদ ও টিপিসি গলফ গেইন সুবিধা।
অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ২৪ ঘণ্টা মাস্টারকার্ড পরিচারক-সহায়তা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় ও সড়কপথে পরিবহনে ৫০০ ডলার পর্যন্ত ক্রেডিট। এছাড়া দেশের পাঁচ হাজারেরও বেশি অংশীদার বিক্রয়কেন্দ্রে সুদবিহীন কিস্তি সুবিধা এবং নির্দিষ্ট রেস্তোরাঁ, পোশাকের দোকান ও লাইফ স্টাইল ব্র্যান্ডে বিশেষ ছাড়ও থাকছে।