এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘সোলার পাওয়ার প্রজেক্ট অব দ্য ইয়ার-বাংলাদেশ’ শীর্ষক সম্মাননা পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের (বিসিআরইএল) ৬৮ মেগাওয়াট (এসি) সক্ষমতার সিরাজগঞ্জ সৌরবিদ্যুৎ প্রকল্পে সহ-অর্থায়নের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ‘অ্যাওয়ার্ড ডিনার’ শীর্ষক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইডকল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ২০ বছর মেয়াদি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) অধীনে সিরাজগঞ্জ সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে সিন্ডিকেটেড অর্থায়ন ব্যবস্থায় ইডকলের প্রতিশ্রুতি ৫৫ মিলিয়ন ডলার।
প্রকল্পটি ২১৪ একর অনাবাদী জমির ওপর জলবায়ু-সহনশীল নকশায় নির্মিত। এতে রয়েছে সাবস্টেশন, অপারেশন জোন, বেড়িবাঁধ ও রেজিলিয়েন্ট পাইল স্ট্রাকচার, যা বছরে প্রায় ৭৩ হাজার ৮৩৫ টন কার্বন ডাই অক্সাইড নিরসনে সহায়তা করবে।
প্রকল্পটি বিশ্ব ব্যাংকের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের পরিবেশগত ও সামাজিক রূপরেখা এবং ইডকলের পরিবেশগত ও সামাজিক সুরক্ষা রূপরেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এ সম্মাননাকে ইডকলের অংশীদার এবং গ্রাহকদের যৌথ প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ বলেন, ‘জলবায়ু ও সামাজিক মানদণ্ড কঠোরভাবে মেনেও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানি যে জাতীয় গ্রিডে আনা সম্ভব, সিরাজগঞ্জ সৌরবিদ্যুৎ প্রকল্পটি তারই প্রমাণ।’