সরবরাহ বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

রাশিয়ার জ্বালানি তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

রাশিয়ার জ্বালানি তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলের বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনায় পণ্যটির চাহিদা নিয়ে বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা বেড়েছে। তবে এতেও কাটেনি বাজারে অতিরিক্ত সরবরাহ চাপের আশঙ্কা। ওপেকভুক্ত দেশগুলোয় উত্তোলন বৃদ্ধির সম্ভাবনায় প্রায় সবগুলো বাজার আদর্শেই গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল নিম্নমুখী। খবর রয়টার্স।

পণ্যটির আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ২৭ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৬৩ ডলার ৭৯ সেন্টে। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম নেমেছে ব্যারেলপ্রতি ৫৯ ডলার ৮৬ সেন্টে। এটি আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কম।

মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউন চলতি সপ্তাহে শেষ হতে পারে। সিনেটে ফেডারেল ফান্ডিং পুনঃস্থাপনে বিষয়ে সমঝোতায় পেঁৗছেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতারা। বর্তমানে এ-সংক্রান্ত প্রস্তাব হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের অপেক্ষায় আছে। স্পিকার মাইক জনসন আজকের মধ্যে এটি পাস করতে চাইবেন বলে জানা গেছে।

এনার্জি অ্যাডভাইজরি ফার্ম রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকরা বলেন, ‘ওপেকের উত্তোলন বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ আরো বাড়বে। এছাড়া প্রধান ব্যবহারকারী দেশগুলোয় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় চাহিদাও কমেছে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। সূত্র জানিয়েছে, রুশ কোম্পানি লুকঅয়েল ইরাকে পরিচালিত ওয়েস্ট কুর্না-২ জ্বালানি তেল ক্ষেত্রে ফোর্স মেজর (অনিবার্য কারণবশত কার্যক্রম স্থগিত) ঘোষণা করেছে।

এশিয়ায় ট্যাংকারে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সাম্প্রতিক সপ্তাহগুলোয় বেড়ে দ্বিগুণ হয়েছে। চীনের বেসরকারি রিফাইনারিগুলোর আমদানি কোটা সীমিত হওয়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীনা ও ভারতীয় ক্রেতারা মধ্যপ্রাচ্যসহ অন্য উৎস থেকে ক্রয় শুরু করেছেন।

এদিকে সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরামকো এশিয়ার রিফাইনারি প্রতিষ্ঠানগুলোর জন্য ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বাজারে অংশীদারত্ব বজায় রাখতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এটি মূলত আরামকোর দীর্ঘকালীন নীতি অনুযায়ী চলমান বাজার পরিস্থিতির ভিত্তিতে দাম নির্ধারণের অংশ।

গত সপ্তাহে সৌদি আরামকো এশিয়ার গ্রাহকদের জন্য ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে আরব লাইট গ্রেডের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ওমান ও দুবাইয়ের দামের গড়ের তুলনায় ব্যারেলপ্রতি ১ ডলার প্রিমিয়াম নির্ধারণ করেছে। নভেম্বরে সরবরাহ চুক্তিতে এ প্রিমিয়াম নির্ধারণ করেছিল ২ ডলার ২০ সেন্ট।

এর আগে এক জরিপে রয়টার্স জানিয়েছিল, সৌদি আরামকো ব্যারেলপ্রতি ওএসপি ১ ডলার ২০ থেকে ১ ডলার ৫০ সেন্ট কমাতে পারে বলে প্রত্যাশা করেছিল এশিয়ার রিফাইনারিগুলো।

আরও