দ্বিতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ১২%

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০০ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১২ শতাংশ। ৩০ জুলাই ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ৮৬৪ কোটি টাকা, যা ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৮২৬ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩ পয়সায়।

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৩৩ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৬ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে ব্যাংকটির সুদ আয় আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির সুদ আয় হয়েছে ১ হাজার ৬৮৩ কোটি টাকা, যা ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে ছিল ১ হাজার ৬৬৮ কোটি টাকা। চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৬ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। এর আগের ২০২৩ ও ২০২২ হিসাব বছরে সাড়ে ১৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

প্রাইম ব্যাংকের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ২১৮ কোটি ৬২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৩০১ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২১ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯১। এর ৩৫ দশমিক ৫৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৫৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৮৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৩ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও