সাবসিডিয়ারিতে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে উত্তরা ব্যাংক

সাবসিডিয়ারি কোম্পানি (অঙ্গপ্রতিষ্ঠান) উত্তরা ব্যাংক সিকিউরিটিজ পিএলসিতে ১৯১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করবে মূল প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি।

৩০ দিনের মধ্যে এ বিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্প্রতি অনুষ্ঠিত উত্তরা ব্যাংক সিকিউরিটিজের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন নেয়া হয়েছে। এ বিষয়ে একটি মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে উত্তরা ব্যাংক।

তথ্যানুসারে, উত্তরা ব্যাংকের সাবসিডিয়ারি উত্তরা ব্যাংক সিকিউরিটিজের বিনিয়োগকারীদের কাছে বিদ্যমান ১: ৪ অনুপাতে রাইট শেয়ার প্রস্তাব করা হবে। এক্ষেত্রে উত্তরা ব্যাংক সিকিউরিটিজের বিদ্যমান চারটি শেয়ারের বিপরীতে একটি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে উত্তরা ব্যাংক সিকিউরিটিজের পরিশোধিত মূলধন বাড়ানো হবে। যেহেতু সাবসিডিয়ারি কোম্পানিটির শেয়ারহোল্ডারদের সবাই মূল ব্যাংকেরও শেয়ারহোল্ডার, তাই মূলধন বৃদ্ধির এ প্রক্রিয়া সাবসিডিয়ারিতে মূল প্রতিষ্ঠানের বিনিয়োগ হিসেবে গণ্য হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৩ টাকা ২৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৭ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে উত্তরা ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে উত্তরা ব্যাংকের ইপিএস হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭ পয়সায়।

১৯৮৪ সালে পুঁজিবাজারে আসা উত্তরা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৭৭ কোটি ৮০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৭ কোটি ২ লাখ ৬৮ হাজার ৮৭২। এর মধ্যে ২৮ দশমিক ১১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৯৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্তরা ব্যাংকের শেয়ার সর্বশেষ ২৫ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৮ টাকা ৬০ থেকে ২৬ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও