স্পট মার্কেটে যমুনা ব্যাংকের শেয়ার

যমুনা ব্যাংক পিএলসির শেয়ার ১২ ও ১৩ মে স্পট মার্কেটে লেনদেন হবে। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১৪ মে ব্যাংকটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

যমুনা ব্যাংক পিএলসির শেয়ার ১২ ও ১৩ মে স্পট মার্কেটে লেনদেন হবে। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১৪ মে ব্যাংকটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যমুনা ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৬ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬১ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ জুন ভার্চুয়াল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটির পর্ষদ।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে যমুনা ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৭ পয়সায়।

ডিএসইতে সর্বশেষ যমুনা ব্যাংকের শেয়ার ১৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৬ টাকা ৪০ পয়সা থেকে ২২ টাকার মধ্যে ওঠানামা করেছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৮ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটির পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটি ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৮২ কোটি ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১২৩ কোটি ৭৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫ দশমিক ১৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৭০, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২৩ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৯ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

আরও