চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১১ কোটি ১৩ লাখ ডলার বিনিয়োগ করবে দেশী-বিদেশী চারটি প্রতিষ্ঠান। তারা জুতা, চামড়া প্রক্রিয়াজাত ও তৈরি পোশাক খাতের সরঞ্জাম উৎপাদনে শিল্প-কারখানা এবং পণ্য পরীক্ষাগার স্থাপন করবে। এতে সাড়ে সাত হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ লক্ষ্যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
ঢাকার বেপজা কমপ্লেক্সে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এ সময় বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অন্যদিকে তাই মা শুজ (বিডি) কোম্পানির চেয়ারম্যান লিয়াও ওয়েইজুন, বাংলাদেশ সংশিন লেদার কোম্পানির মহাব্যবস্থাপক ঝাং গুয়াংজিন, অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক হু জিনলিন, র্যাপটক্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মোর্শেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চারটি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটি চীনের তাই মা শুজ (বিডি) কোম্পানির। তারা ৫ কোটি ৫১ লাখ ডলার বিনিয়োগে একটি জুতা তৈরির কারখানা স্থাপন করবে, যেখানে বছরে ৭০ লাখ জোড়া জুতা উৎপাদিত হবে। এছাড়া ৫ হাজার ৯০০ মানুষের কর্মসংস্থান হবে।
সিঙ্গাপুরের বাংলাদেশ সংশিন লেদার কোম্পানি ২ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগে চামড়া প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করবে। প্রতিষ্ঠানটি ক্রাস্ট লেদার থেকে বছরে ৩ কোটি ৬০ লাখ বর্গফুট ফিনিশড লেদার উৎপাদন করবে। এতে পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।
চীন-সিঙ্গাপুর মালিকানাধীন অ্যানরে হোল্ডিং (বিডি) কোম্পানি ২ কোটি ডলার বিনিয়োগ করে একটি সেবামুখী পরীক্ষাগার স্থাপন করবে। এটি বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্প-কারখানায় উৎপাদিত পণ্য ও কাঁচামালের মান পরীক্ষার সুবিধা দেবে। এতে ৭৭০ জন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া বাংলাদেশী প্রতিষ্ঠান র্যাপটক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১২ লাখ ডলারের বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন করবে। এতে কর্মসংস্থান হবে ৪৫৭ জনের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।