প্রায় ৩৫০ কোটি টাকার ক্রয়াদেশ পেয়ে শেষ হয়েছে ওয়ালটন আয়োজিত একক বৃহৎ শিল্পমেলা ‘অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো-২০২৪’।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩-এ গতকাল সমাপনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম এ তথ্য জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, পরিচালক এসএম নূরুল আলম রেজভী, ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সরকারের পলিসি সাপোর্ট অনেকেই পায় কিন্তু তাকে সাসটেইনেবলভাবে সঠিক জায়গায় ব্যবহার সবাই করতে পারে না। ওয়ালটন এদিক থেকে সঠিকভাবে নিজেদের পণ্যে বৈচিত্র্য রক্ষা করে সরকারের সহযোগিতাকে ব্যবহার করেছে, যা প্রশংসনীয়।’
তিনি আরো বলেন, ‘দেশের বাইরে বাংলাদেশের যারাই আছেন, সেখানে দেশীয় প্রযুক্তির কোনো পণ্য দেখতে পেলে তা সম্মানের ব্যাপার হিসেবে কাজ করে। এক্ষেত্রে ওয়ালটনকে আমি সম্মান করি, যে তারা নিজেদের প্রযুক্তি দেশের বাইরে পৌঁছে দিচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘কম দামে বিদেশী পণ্যের মতো মানসম্পন্ন পণ্য পাওয়ার পাশাপাশি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওয়ালটনের বিক্রয়োত্তর সেবা। আমি অনুরোধ করব বিশ্বের বৈচিত্র্যময় ইলেকট্রনিক পণ্যের বাজারে টিকে থাকার জন্য নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে। সারা পৃথিবীতে স্যামসাং বা এলজি যেমন ব্র্যান্ড হয়েছে, তেমনি ওয়ালটনও একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হবে তা আমরা আশা করি।’