ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সবাই ভোক্তা। তাই নিজেদের সুরক্ষিত রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়।
ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেকহোল্ডারদের (অংশীদার) কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন (আত্মশুদ্ধি) চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তার মধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল আলিম খান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির ভূইয়া, বিএসটিআই মহাপরিচালক এসএম ফেরদৌস আলম ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।