আমদানি কমায় স্থানীয় বাজারে পণ্যটির দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে ৪৮ হাজার ৩৭৫ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। যার বাজারমূল্য ছিল ১ হাজার ৩২৯ কোটি ৯১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৪৯ হাজার ৩৩২ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি কমেছে ৯৫৬ টন।
সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকরা জানিয়েছেন, ভারতে শুকনা মরিচের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি পণ্যটির দাম অনেক বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে।
এদিকে আমদানি কমায় সাতক্ষীরার মসলা বাজারে শুকনা মরিচের দাম কেজিতে ৮০-৯০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল জেলা শহরের সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যা এক মাস আগে ছিল ৩০০-৩২০ টাকা।
স্থানীয় বাজারের খুচরা বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে দাম ৬০-৭০ টাকা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।
দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে জেলা কৃষি বিপণন কর্মকর্তা এমএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, বন্দরে আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। ফলে শুকনা মরিচের দাম বেড়েছে। তবে বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে।