মার্কিন শুল্কচাপ

জাপানি কোম্পানিগুলোর মুনাফা ধসের শঙ্কা

টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জাপানের বড় কোম্পানিগুলোর সম্মিলিত নিট মুনাফা চলতি হিসাব বছরে ৭ দশমিক ৮ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জাপানের বড় কোম্পানিগুলোর সম্মিলিত নিট মুনাফা চলতি হিসাব বছরে ৭ দশমিক ৮ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। প্রায় ছয় বছর পর এ প্রথমবার মুনাফা হ্রাসের আশঙ্কা দেখা গেল দেশটির শীর্ষ কোম্পানিগুলোয়।

একটি সিকিউরিটিজ ফার্মের বরাতে জাপান টুডের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাড়তি শুল্ক জাপানি উৎপাদকদের ওপর চাপ ফেলায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এসএমবিসি নিক্কো সিকিউরিটিজের পূর্বাভাস অনুসারে, আগামী বছরের মার্চে শেষ হওয়া অর্থবছরে জাপানি কোম্পানিগুলোর সম্মিলিত নিট মুনাফা দাঁড়াতে পারে ৪৪ দশমিক ৯৪ ট্রিলিয়ন ইয়েন বা ৩০ হাজার ৫০০ কোটি ডলারের সমতুল্য।

বিশেষ করে পরিবহন সরঞ্জাম খাত সবচেয়ে বেশি ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খাতের মুনাফা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৬ শতাংশ কমে ৫ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন ইয়েনে নেমে আসতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

পূর্বাভাস তৈরিতে প্রাইম মার্কেটে তালিকাভুক্ত এমন কোম্পানিগুলোর মধ্যে ১ হাজার ১৪৩টির আর্থিক প্রতিবেদন ব্যবহার করেছে এসএমবিসি নিক্কো। বাকি যে ৪৬টি প্রতিষ্ঠান কোনো পূর্বাভাস প্রকাশ করেনি, সেগুলোকে বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

গত এপ্রিল-জুন প্রান্তিকে এসব প্রতিষ্ঠানের সম্মিলিত নিট মুনাফা ১১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৭৪ ট্রিলিয়ন ইয়েন।

এদিকে গত মাসে জাপান ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এ সমঝোতায় জাপান থেকে আমদানীকৃত গাড়ি ও যন্ত্রাংশের পর ১৫ শতাংশ শুল্ক চূড়ান্ত করেছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে ইস্পাত ও সেমিকন্ডাক্টরের জন্য নতুন শুল্কহার নির্ধারণ হবে, যা জাপানের উৎপাদন খাতে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

আরও