মেয়াদি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের অবসায়ন তহবিলের অর্থ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। গত ১৩ অক্টোবর এ অর্থ পাঠানো হয়েছে। ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
তথ্যানুসারে গত ১০ মার্চ এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ শেষ হয়। ফান্ডটির মেয়াদ ১০ বছর বাড়াতে কিংবা মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হয়েছিল। তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় এ আবেদনে সম্মতি দেয়নি বিএসইসি। গত ১৮ সেপ্টেম্বর ফান্ডটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, মূল্যায়ন প্রতিবেদন ও অবসায়ন প্রতিবেদন অনুমোদন করেছে কমিশন। মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮ টাকা ৫ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ফান্ডটি। আলোচ্য হিসাব বছরে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে ফান্ডটির বাজারমূল্যের ভিত্তিতে এনএভিপিইউ দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সায়। ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা ২৫ পয়সা।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে ইউনিটপ্রতি আয় ছিল ৫০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ২৫ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে নিট আয়ের ভিত্তিতে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফান্ডটির ট্রাস্টি। আলোচ্য হিসাব বছরে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইপিইউ হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে বাজারমূল্যের ভিত্তিতে কোম্পানিটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সায়।
এশিয়ান টাইগার ফান্ডটি সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ১৫ শতাংশ, ২০১৮-১৯ হিসাব বছরে ৭ দশমিক ৫০ শতাংশ ও ২০১৭-১৮ হিসাব বছরে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
২০১৫ সালে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ফান্ডটির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১০ কোটি ৭৫ লাখ টাকা। মোট ইউনিট সংখ্যা ৬ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৫০। এর ৩ দশমিক ২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৭ দশমিক ৮০ শতাংশ ইউনিট রয়েছে।