লিন্ডে বাংলাদেশের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ প্রস্তাব করেছে কোম্পানিটি। গতকাল পর্ষদ সভা শেষে এ-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করেছে লিন্ডে বাংলাদেশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪২১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ হাজার ১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ৪০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। ওই হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সায়।

লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৩ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল লিন্ডে বাংলাদেশের শেয়ার সর্বশেষ ৭৬৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৭৩৫ থেকে ১ হাজার ৪০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

আরও