চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম পণ্যের আমদানি সেপ্টেম্বরে গত মাসের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। গতকাল দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
চীনের শুল্ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী দেশটি গত মাসে ৩ লাখ ৬০ হাজার টন অ্যালুমিনিয়াম আমদানি করেছে। এ পরিসংখ্যানে প্রাইমারি মেটাল, আনরট ও অ্যালয়েড অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত।
এছাড়া ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম পণ্যের আমদানির পরিমাণ ছিল ৩০ লাখ ১০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেশি।
সেপ্টেম্বরে অ্যালুমিনিয়াম তৈরির প্রধান কাঁচামাল বক্সাইটের আমদানি মাসে ৩৮ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টনে পৌঁছেছে। চলতি বছর থেকে এখন পর্যন্ত মোট বক্সাইট আমদানির পরিমাণ ছিল ১৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার টন, যা বছরের শুরুর তুলনায় ৩২ শতাংশ বেশি।