দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গতকাল সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ার দুটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল লেনদেন স্থগিতের আগে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির শেয়ারদর ৬৪ টাকা থেকে ৭৪ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। অন্যদিকে মেঘনাপেটের শেয়ারদর ৮৬ টাকা ৮০ পয়সা থেকে ৯৩ টাকার মধ্যে ওঠানামা করেছে।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি: আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) উসমানিয়া গ্লাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে উসমানিয়া গ্লাসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯২ পয়সা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে: আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮০ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মেঘনা পেট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ পয়সা।

আরও