মার্কিন আপল্যান্ড তুলার রফতানি আদেশ কমলেও বেড়েছে চালান

বিক্রি কমলেও আপল্যান্ড তুলার রফতানি চালান ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০০ রানিং বেলে।

যুক্তরাষ্ট্রে আপল্যান্ড তুলার রফতানি আদেশ কমেছে ১৯ শতাংশ। তবে একই সময়ে রফতানি চালান বেড়েছে ৮ শতাংশ। ১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহের হিসাবে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। এ সময়ে ভিয়েতনাম ও পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের তুলার সবচেয়ে বড় ক্রেতা। খবর ফাইবার টু ফ্যাশন।

ইউএসডিএ তথ্যানুযায়ী, ২০২৬-২৭ বিপণন বছরে আপল্যান্ড তুলার নিট বিক্রি দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ১০০ রানিং বেল (প্রতি বেল প্রায় ২২৬ দশমিক ৮ কেজি), আগের সপ্তাহে যা ছিল ২ লাখ ২ হাজার ৬০০ রানিং বেল।

পর্যালোচিত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ ক্রেতা ছিল ভিয়েতনাম। দেশটি মোট ৬১ হাজার ৮০০ রানিং বেল তুলা কিনেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ৯০০ বেল তুলা কিনেছে পাকিস্তান। আর ভারত কিনেছে ২০ হাজার ৮০০ বেল। অন্যান্য ক্রেতা দেশের মধ্যে হন্ডুরাস ১১ হাজার ৯০০ বেল ও বাংলাদেশ ৮ হাজার ১০০ বেল তুলা কিনেছে। অন্যদিকে চীনের ক্ষেত্রে ৭ হাজার ৪০০ বেলের ক্রয়াদেশ কমেছে।

বিক্রি কমলেও আপল্যান্ড তুলার রফতানি চালান ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০০ রানিং বেলে। তুলা আমদানির দিক থেকেও শীর্ষে ছিল ভিয়েতনাম। দেশটিতে মোট ৩৯ হাজার ৬০০ বেল তুলা পাঠানো হয়েছে। এছাড়া ভারতে ১৮ হাজার ১০০ বেল, মেক্সিকোয় ১৭ হাজার ৯০০, পাকিস্তানে ১৬ হাজার ৫০০ ও গুয়াতেমালায় ১৪ হাজার ৫০০ বেল তুলা পাঠানো হয়।

এদিকে দামি জাতের পিমা তুলার নিট বিক্রি বেড়েছে। এ সপ্তাহে বিক্রি দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৩০০ রানিং বেলে। আগের সপ্তাহে ক্রয়াদেশ কমে দাঁড়িয়েছিল ২ হাজার ১০০ বেলে। এক্ষেত্রে ভারতের চাহিদা ছিল সবচেয়ে বেশি। তবে পিমা তুলার রফতানি চালান ৬৯ শতাংশ কমে ২ হাজার ৯০০ বেলে নেমেছে। আগের সপ্তাহে চালান ছিল ৯ হাজার ৩০০ বেল।

সব মিলিয়ে আলোচ্য সপ্তাহে আপল্যান্ড ও পিমা তুলার মোট বিক্রি দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪০০ রানিং বেলে, যা আগের সপ্তাহে ছিল ২ লাখ ১ হাজার ৫০০ বেল। তবে সামগ্রিক রফতানি চালান বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০০ রানিং বেলে।

আরও