সমুদ্র নিরাপত্তা ও নৌ-যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশকে ৬ দশমিক ২৬ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সরকার ও কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে গতকাল এ-সংক্রান্ত একটি সম্পূরক ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক কিম কিসাং। এ অর্থ ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএমএনএস)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ-পরিবহন অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করবে।
ইআরডি জানিয়েছে, এ সম্পূরক ঋণের আগেও একই প্রকল্পের জন্য ৩৭ দশমিক ৫০ মিলিয়ন ডলারের মূল ঋণচুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন অর্থায়নের ফলে প্রকল্পটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭৬ মিলিয়ন ডলারে।
প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় সাতটি লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন, ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার গড়ে তোলা এবং বিদ্যমান লাইটহাউজগুলোর আধুনিকায়ন ও নতুন লাইটহাউজ নির্মাণ করা হবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে চলমান জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যাবে।
সুবিধাজনক শর্তে দেয়া এ ঋণের সুদের হার মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর ৫ মাস, যার মধ্যে ১৫ বছর ৫ মাস থাকবে গ্রেস পিরিয়ড হিসেবে।