জ্বালানি খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও নিট মুনাফা চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। এর মধ্যে কোম্পানিটির ব্যবসা থেকে আয় কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ ও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৫ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ১০৮ কোটি ৭৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৪ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে নিট মুনাফা ছিল ১৯ কোটি ৮৪ লাখ টাকা।
প্রথমার্ধে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০১ টাকা ৬৬ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ হাজার ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। এর মধ্যে ৪ হাজার ১০০ শতাংশ অন্তর্বর্তী ও ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে লিন্ডে বাংলাদেশের হার্ড গুডস বিক্রি ও অন্যান্য আয়সহ শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১৫ টাকা ২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১ হাজার ৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হয়েছে। ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ২ পয়সা, আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়ায় ৩৭১ টাকা ২৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ টাকা ৫৫ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লিন্ডে বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮০ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৯৫ টাকা ৫৫ পয়সায়।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৩ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৬০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৭ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।