দেশের অর্থনীতি সম্প্রসারণের ধারায় চললেও পরপর দুই মাস গতি কমেছে। সর্বশেষ গত মাসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মান কমেছে আগের মাসের তুলনায় ২ দশমিক ৯ পয়েন্ট। মার্চে পিএমআই দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭-এ। এর আগে ফেব্রুয়ারিতেও ১ দশমিক ১ পয়েন্ট কমেছিল। তবে পিএমআইয়ের হিসাবে ছয় মাস ধরেই দেশের অর্থনীতি সম্প্রসারণ ধারায় রয়েছে। এদিকে মার্চে অর্থনীতির চারটি খাতের তিনটিতেই ধীরগতি দেখা গেছে।
সর্বশেষ পিএমআই গতকাল যৌথভাবে প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি)। সংস্থা দুটি প্রতি মাসেই এ প্রতিবেদন প্রকাশ করে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে তৈরি করা এ প্রতিবেদনের মান ১০০-এর মধ্যে নির্ধারণ করা হয়। এর মধ্যে পিএমআই মান ৫০-এর নিচে হলে দেশের অর্থনীতি সংকোচন ও ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বোঝানো হয়।
মার্চের পিএমআইতে দেখা গেছে, জরিপকৃত চারটি খাতের তিনটিতেই ধীর সম্প্রসারণ হয়েছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে মৌসুমি ব্যবসার কারণে শুধু সেবা খাতে দ্রুততর সম্প্রসারণ হয়েছে। সব মিলিয়ে আগের মাসের তুলনায় ২ দশমিক ৯ পয়েন্ট কমে ধীরগতির সম্প্রসারণ ধারায় চলেছে দেশের অর্থনীতিতে। মূলত কৃষি, উৎপাদন ও নির্মাণ খাতের ধীর সম্প্রসারণ হারের জন্যই এ গতি হ্রাস হয়েছে।
কৃষি খাতে ফেব্রুয়ারির পিএমআই ছিল ৬৬ দশমিক ৪, যা মার্চে ৮ দশমিক ২ পয়েন্ট কমে ৫৮ দশমিক ২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ খাত টানা ছয় মাস ধরে সম্প্রসারণের ধারায় থাকলেও গতির দিক থেকে তা ছিল ধীর। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলোতেও ধীর সম্প্রসারণ দেখা গেছে।
প্রায় একই পরিস্থিতি দেখা গেছে উৎপাদন খাতেও। টানা সাত মাস ধরে খাতটি সম্প্রসারণ ধারায় চললেও এর গতি ধীর প্রকৃতির। এ খাতে ফেব্রুয়ারির পিএমআই ছিল ৭২ দশমিক ৬। ৮ দশমিক ৩ পয়েন্ট কমে ৬৪ দশমিক ৩-এ গিয়ে ঠেকেছে মার্চ মাসের উৎপাদন খাতের পিএমআই।
নির্মাণ খাতে পিএমআই কমেছে ৫ দশমিক ৫ পয়েন্ট। যদিও এ খাতটি টানা চার মাস ধরে সম্প্রসারণ ধারায় রয়েছে। ফেব্রুয়ারিতে এ খাতের পিএমআই ছিল ৫৯ দশমিক ৬, যা গত মাসে ৫৪ দশমিক ১-এ গিয়ে পৌঁছেছে।
কৃষি, উৎপাদন ও নির্মাণ খাতে পিএমআই কমলেও বেড়েছে সেবা খাতে। আগের মাসের তুলনায় মার্চে এ খাতে পিএমআই বেড়েছে ১ দশমিক ২ পয়েন্ট। ঈদুল ফিতরকে কেন্দ্র করে খুচরা উপখাতে ব্যবসা-বাণিজ্য হওয়ায় এ খাতে পিএমআই বেড়েছে। সেবা খাতে ফেব্রুয়ারির পিএমআই ছিল ৬১ দশমিক ৩, যা মার্চে এসে ৬২ দশমিক ৫-এ পৌঁছেছে।
মার্চ মাসের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ পিএমআই সূচকগুলো গত মাসে দেশের অর্থনীতির ধীর সম্প্রসারণ নির্দেশ করে। শুধু সেবা খাত ঈদ উৎসবের কারণে দ্রুততর সম্প্রসারিত হয়েছে। কারণ এ সময়টি খুচরা উপখাতের জন্য ব্যবসার সর্বোচ্চ সময়।