এফবিসিসিআইয়ের সঙ্গে বিশ্বব্যাংক মিশনের সভা

বাণিজ্য সহজীকরণে সব সেবা একক কর্তৃপক্ষের অধীনে আনার পরামর্শ

দেশের শিল্প ও বাণিজ্যের টেকসই উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণের জন্য ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সব সেবা একক কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

দেশের শিল্প ও বাণিজ্যের টেকসই উন্নয়ন, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রক্রিয়া সহজীকরণের জন্য ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত সব সেবা একক কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। রাজধানীর গুলশানে গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (টিএফএ) ট্র্যাকিং টুলস মিশনের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীরা এসব পরামর্শ তুলে ধরেন।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশ্বব্যাংকের সিনিয়র ট্রেড ফ্যাসিলিটেশন স্পেশালিস্ট মেলভিন স্প্রেইজ, ট্রেড ফ্যাসিলিটেশন কনসালট্যান্ট থেরেসা মরিসে এবং সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার নুসরাত নাহিদ বেবি উপস্থিত ছিলেন।

এ সময় দেশে ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো, লজিস্টিকস এবং ল্যাব সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ব্যবসায়ী নেতারা। সভায় বাণিজ্য সহজীকরণ বিষয়ে ব্যবসায়ীদের বক্তব্য শোনেন বিশ্বব্যাংক মিশনের সদস্যরা। বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোয় ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি খাতের মতামতকে বিবেচনায় নেয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আব্দুল হক, মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কেএম ইকবাল হোসেন, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশেনের জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও