বৈশ্বিক ফিনটেক বিনিয়োগ সাত বছরের মধ্যে সর্বনিম্ন পৌঁছে ২০২৪ সালে। ওই বছর ৪ হাজার ৬৩৯টি চুক্তির আওতায় এ খাতে বিনিয়োগ হয়েছে ৯ হাজার ৫৬০ কোটি ডলার। পরামর্শক সংস্থা কেপিএমজির ‘পালস অব ফিনটেক’ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। খবর আনাদোলু।
চুক্তি কমে আসা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হচ্ছে, চলমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, ভূরাজনৈতিক সংঘাত ও উত্তেজনা এবং বিশ্বের প্রধান প্রধান অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন অনিশ্চয়তার মাত্রা অনেক উঁচুতে নিয়ে গেছে। ফলে ফিনটেক বিনিয়োগ বিশেষ করে একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) এবং প্রাইভেট ইকুইটি (পিই) খাতে অর্থায়ন ব্যাপকভাবে কমে গেছে।
এর মধ্যে আমেরিকায় ২ হাজার ২৬৭ চুক্তির মাধ্যমে ৬ হাজার ৩৮০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রেই একা ৫ হাজার ৭০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। দেশটিতে ফিনটেক খাতে ১ হাজার ৮৩৬টি চুক্তি সম্পন্ন হয়েছে।
এরপর রয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ)। এ অঞ্চলে ১ হাজার ৪৬৫ চুক্তির মাধ্যমে ২ হাজার ৩০ কোটি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৮৯৬ চুক্তির মাধ্যমে ১ হাজার ১৪০ কোটি ডলার বিনিয়োগ এসেছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বৈশ্বিক ফিনটেক খাতে ৫ হাজার ১৭০ ডলার বিনিয়োগ হয়েছে, যা দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) ৪ হাজার ৩৯০ কোটি ডলারে নেমে আসে।
একীভূতকরণ ও অধিগ্রহণ চুক্তির মূল্য এবং ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ যথাক্রমে ২ হাজার ৮১০ কোটি থেকে ২ হাজার ১৬০ কোটি এবং ২ হাজার ২৫০ কোটি থেকে ২ হাজার ৯০ কোটি ডলারে নেমে আসে।
সামগ্রিক পতন দেখা গেলেও গ্লোবাল প্রাইভেট ইকুইটি বিনিয়োগ ২০২৪ সালে আগের বছরের তুলনায় বেড়েছে, যা ২০২৩ সালে ১ হাজার ৭২০ কোটি থেকে বেড়ে ৩ হাজার ১০০ কোটি ডলার হয়েছে।
২০২৪ সালের সবচেয়ে বড় প্রাইভেট ইকুইটি লেনদেন ছিল ১ হাজার ২৫০ কোটি ডলারে পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ডপের বিক্রি। বছরের প্রথমার্ধে এ চুক্তি সম্পন্ন হয়েছে।